রংপুরে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩
রংপুরের পীরগঞ্জে পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদের সাটারিং ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুরের শ্রমিক আছাদুল হক ও রংপুরের শিহাব। আহতরা হলেন—বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পৌরসভার নতুন ভবনের ছাদ নির্মাণের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। কাজ চলাকালে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আছাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত তিন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
Public Post News