রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুটি পৌরসভার সাবেক মেয়র ও একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রয়েছেন।
মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। পুলিশ জানায়, তাঁরা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। অন্যদিকে, শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সূত্র: পুলিশ
Public Post News