মাগুরায় বাস কাউন্টারের ভেতরে যুবদল নেতার মরদেহ, মাথার খুলিতে মিলল বুলেট
পাবলিক পোস্ট নিউজ (PPN): মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে (৩৯) গুলি করে হত্যার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের সময় তাঁর মাথার খুলির ভেতর একটি বুলেট পাওয়া যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শাকের হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাঁর মাথার খুলির ভেতরে বুলেট পেয়েছেন। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিস্তারিত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নিহত শাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন।
অসুস্থতা ভেবে বাড়িতে নেওয়া হয় মরদেহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাস টার্মিনালে কাউন্টারের ভেতর শাকের হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রথমে স্বজনেরা অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। এ কারণে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গোসল করানোর প্রস্তুতির সময় মাথার পেছনে ক্ষতচিহ্ন দেখতে পেয়ে তাঁদের সন্দেহ হয়, তাঁকে গুলি করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হলে মাথার খুলির ভেতর বুলেট পাওয়া যায়।
সিসিটিভির অডিওতে দুটি গুলির শব্দ
পুলিশ সূত্র জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে জেলা পুলিশের স্থাপন করা একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার অডিওতে ঘটনার সময় দুটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার কাছাকাছি সময়ে কয়েকটি মোটরসাইকেল ও ইজিবাইক টার্মিনালে প্রবেশ ও বের হতে দেখা যায়।
তবে ক্যামেরার অবস্থান থেকে রয়েল এক্সপ্রেসের কাউন্টারটি আড়ালে থাকায় হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার সময় কাউন্টারের ভেতরে থাকা দুই যাত্রী ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে শাকের হোসেনকে গুলি করে পালিয়ে যান। তবে হামলাকারীদের পরিচয়, হত্যার কারণ ও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ
ঘটনাস্থল পরিদর্শনের পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন মাগুরা সদর হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকেরা শাকের হোসেনের মাথার খুলির ভেতরে বুলেট পাওয়ার তথ্য জানিয়েছেন। শুরু থেকেই প্রত্যক্ষদর্শীরা গুলির কথা বলছিলেন। তাঁর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও বলেন, হত্যার পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে হত্যার মূল কারণ উদ্ঘাটনের জন্য তিনি পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সহিংসতায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান তিনি।
হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ
এদিকে, শাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কের একটি অংশ অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Public Post News