রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর পর্যটন মোড় এলাকায় লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, প্রায় ৩০ লাখ টাকা দিয়ে কেনা ২৮ আসনের বাসটি দিয়ে কোচিং সেন্টারের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করা হতো। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাসটি পুড়ে যাওয়ায় কোচিং সেন্টারের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাবলিক পোস্ট নিউজ (PPN)
Public Post News