রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের মোট ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে ভুলতা ইউনিয়নের ৮টি মৌজা এবং গোলাকান্দাইল ইউনিয়নের ১২টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভুলতা ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো—মিঠাব, আলমপুর, মাহিনাবাদ, বেলাব, পাড়াগাঁও, পাড়াইখা, ভায়েলা ও ভুলতা।
অন্যদিকে গোলাকান্দাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌজাগুলো হলো—দড়িকান্দি, কেশরাব, মাহনা, সাওঘাট, আউখুরিয়া, পানাব, আমলাব, গোলাকান্দাইল, দড়িকান্দিচক, দড়েরকান্দি, ছোট দড়িকান্দি ও গাবতলীর হাট।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী এসব এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে প্রস্তাবের বিরুদ্ধে সরকারের নিকট লিখিত আপত্তি উত্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তির বিধানও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনটি জারি করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আরাফাতুল ইসলাম নাহার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
Public Post News